ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাগুরা স্থানীয় সরকার উপপরিচালক (ডিডিএলজি) মো. আরিফুল ইসলাম সরদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুনুর রশীদ, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুরা সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. এজাজ আহমেদ রোচি, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মো. আলফাজ উদ্দীন, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মো. সাব্বির আহমেদ, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল কবির, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিত করা এবং অপতথ্য প্রতিরোধে তথ্য অধিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
বক্তারা আরও বলেন, একজন সাংবাদিককে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তথ্য অধিকার আইনের আওতায় নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। পাশাপাশি সংবাদ প্রকাশের আগে প্রাপ্ত তথ্য ও উপাত্ত যথাযথভাবে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর সংবাদ প্রকাশ করা উচিত।
আলোচনা সভায় ডিজিটাল মাধ্যমে তথ্যের সঠিকতা নিশ্চিত করা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং অপতথ্য প্রতিরোধে সংশ্লিষ্ট সবার ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।