অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা দিয়ে অবরুদ্ধ শহর বাখমুতে হামলার অভিযোগ করেছে ইউক্রেন। সাদা ফসফরাস অস্ত্র নিষিদ্ধ না হলেও বেসামরিক এলাকায় এটির ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।
ইউক্রেনের সামরিক বাহিনী দ্বারা প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা গেছে, বাখমুতকে আগুন জ্বলছে; যা শহরের ওপর সাদা ফসফরাস বৃষ্টির মতো দেখা যাচ্ছে।
ফসফরাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যা নিভানো খুব কঠিন। রাশিয়ার বিরুদ্ধে এর আগেও ফরফরাস ব্যবহারের অভিযোগ রয়েছে।
কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনের শহর বাখমুত দখলের চেষ্টা করছে রাশিয়া। পশ্চিমা কর্মকর্তারা অনুমান করেছেন, বাখমুতের লড়াইয়ে মস্কোর হাজার হাজার সেনা মারা গেছে।
টুইটারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বাখমুতের যেসব অঞ্চল এখনও রাশিয়া দখল করতে পারেনি, সেসব অঞ্চলে হামলায় ফসফরাস ব্যবহার করছে রাশিয়া। মস্কো বাহিনী শহরটির ধ্বংস অব্যাহত রেখেছে।
ঠিক কখন কথিত হামলাটি হয়েছিল তা স্পষ্ট নয়। ইউক্রেনের শেয়ার করা ফুটেজগুলো নজরদারি ড্রোন দ্বারা ধারণ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিশাল ভবনগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অন্যান্য ভিডিওতে দেখা যাচ্ছে, আগুন জ্বলছে মাটিতে।
যুদ্ধের শুরুতে মারিউপোল অবরোধের সময়সহ গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকবার সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
সাদা ফসফরাস একটি মোমের মতো পদার্থ যা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে। রাসায়নিকটি তার তীব্রতার জন্য কুখ্যাত। সূত্র: বিবিসি