ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ জন অবসরপ্রাপ্ত সহকর্মীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় মাগুরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দীর্ঘ কর্মজীবনে পরিবার পরিকল্পনা ও জনসেবায় অবদান রাখায় অবসরপ্রাপ্ত ৭৮ জন সহকর্মীকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গাজী বশির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে গাজী বশির আহমেদ বলেন, “বিদায়ী কর্মীরা তাঁদের দীর্ঘ কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের সেবা করেছেন। পরিবার পরিকল্পনা কার্যক্রমে তাঁদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।” তিনি আরও বলেন, তাঁর কার্যালয়ের দুয়ার সবার জন্য সবসময় খোলা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান খান, মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. সোমা সাহা এবং এমসিএইচ-এফপি মেডিকেল অফিসার ডা. দোলন ঘোষ।
এ সময় সহকারী পরিবার পরিকল্পনা অফিসার (অবসরপ্রাপ্ত), বেরইল পলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও আসন্ন বেরইল পলিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোছা. লতিফা পারভীনসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিদায়ী সহকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী সহকর্মীদের কর্মজীবনের বিভিন্ন অবদানের প্রশংসা করেন এবং তাঁদের অবসরজীবনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফপিটি বিলাস বিশ্বাস।