স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার রাতে শুরু হওয়া শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কলা ও বিভিন্ন শীতকালীন সবজি চাষিরা।
উপজেলার মাঠে মাঠে শিলার আঘাতে তছনছ হয়ে গেছে লাউ, শিমসহ বিভিন্ন সবজির ক্ষেত। বিশেষ করে স্বরূপপুর ও শ্যামকুড় ইউনিয়নে ক্ষতির তীব্রতা ছিল বেশি।
মঙ্গলবার রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি। রাতভর বৃষ্টির পর বুধবার সকালে কৃষকরা মাঠে গিয়ে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র দেখতে পান। শিলার আঘাতে কলার পাতা ছিঁড়ে গেছে, ভেঙে পড়েছে অনেক গাছ। একই সঙ্গে শিম, লাউসহ বিভিন্ন সবজির মাচা ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত সবজি চাষি নাজমুল হোসেন হতাশা প্রকাশ করে বলেন, হঠাৎ রাতে এমন শিলাবৃষ্টি হবে তা কল্পনাও করতে পারেননি। সকালে মাঠে গিয়ে দেখেন সব শেষ। ঋণের টাকায় চাষ করা সবজি এক রাতের শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।
আব্দুর রহিম নামে আরেক কৃষক বলেন, তার এক বিঘা কলাবাগানের সব গাছ ঝড়ে ভেঙে পড়েছে। সারসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় এমনিতেই চাষাবাদে অনেক কষ্ট হচ্ছে। ঋণ করে সার ও ওষুধ কিনতে হয়েছে। এখন ফসল নষ্ট হওয়ায় ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
এ বিষয়ে মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা জানান, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার কয়েকটি ইউনিয়নে কলা ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। কতটুকু জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে কৃষি কর্মকর্তারা মাঠে নেমে কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।