স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ।
২২ আগস্ট শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান ওই গ্রামের মৃত ওয়াজেদ মোল্লার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খালে গোসল করছিল শিশুটি। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বিষয়টি টের পেয়ে শিশুটির মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।