স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও কথিত প্ররোচনাকারীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট রবিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সামনের সড়কে নিহতের স্বজন, সহপাঠী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, মহেশপুর পোস্ট অফিসপাড়ার একটি বিউটি পার্লারের মালিক তানিয়ার সঙ্গে কলেজছাত্র হাসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তানিয়ার কাছ থেকে বিভিন্ন সময়ে হাসান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তাদের দাবি, ওই সম্পর্ক ও মানসিক চাপের কারণে হাসান গত ১৩ আগস্ট আত্মহত্যা করতে বাধ্য হন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে নিহত হাসানের স্বজন, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় নিহতের পরিবারের সদস্য ও সহপাঠীরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগের দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, হাসানের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
অভিযুক্ত তানিয়া ও তার স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি বলে জানা গেছে।
মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।