স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর মৌজায় পৈতৃক ও রেকর্ডীয় জমি দখলের অপচেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভোগী মোঃ সোহেল রানা ও ফারুক আজমের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মপুকুর ২৮ নম্বর মৌজার সিএস ৯৯ নম্বর খতিয়ান থেকে ওয়ারিশ সূত্রে জুরন বিশ্বাস এবং পরবর্তীতে এসএ ৪৫ নম্বর খতিয়ানে আব্দুল আজিজ বিশ্বাস স্বত্ব লাভ করেন। পরবর্তীতে আদালতের ১৬৬/১৬ নম্বর বাটোয়ারা মামলার রায় ও ডিক্রির ভিত্তিতে ৪৩৯ ও ৪৪০ নম্বর খারিজ খতিয়ান খোলা হয় এবং সরকারি রাজস্ব পরিশোধ করা হয়।
বক্তারা আরও জানান, ডিক্রিপ্রাপ্ত নামজারিকৃত মালিকদের কাছ থেকে বৈধ ক্রয় দলিলের মাধ্যমে সোহেল রানা ও ফারুক আজম জমি প্রাপ্ত হয়ে নিজ নামে নামজারি সম্পন্ন করেন। তাদের দাবি, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝিনাইদহের ২৪৪/১৬ নম্বর মামলায় তাদের পক্ষে একতরফা রায় প্রদান করা হয় এবং আরএস রেকর্ড সংশোধন করে তাদের নামে জমি রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়।
তারা বলেন, আদালতের রায় ও আইনগত নির্দেশনার ভিত্তিতে উপজেলা ভূমি অফিস থেকে খতিয়ান জারি করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে তারা দীর্ঘদিন ধরে জমি ভোগদখল করে আসছেন।
মানববন্ধনে ফারুক আজম বলেন, তাদের কাছে সিএস, এসএ, আদালতের ডিক্রি, ক্রয় দলিল, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়ের কপি এবং হালনাগাদ খাজনা-দাখিলাসহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। এসব কাগজপত্র থাকা সত্ত্বেও একটি মহল জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে জমি দখলের অপচেষ্টা ও মিথ্যা অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের জমি সুরক্ষায় স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।