স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ এবং উপকারভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই অনুষ্ঠানে জেলা প্রশাসকের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে মাদক, অনলাইন অপরাধ ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া মো. আশিস হাসান এবং ঝিনাইদহ জেলা বিআরডিবির উপপরিচালক সুজিত কুমার বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক, শিশু নির্যাতন ও মাদকাসক্তি সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেক সচেতন নাগরিককে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, কিশোরীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। বাল্যবিবাহ, নির্যাতন ও অনলাইন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। শিশুদের সুরক্ষায় পরিবার ও শিক্ষকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের দায়িত্ববোধ জাগ্রত করা এবং নারীদের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আলোচনা শেষে প্রকল্পের আওতায় নির্ধারিত উপকারভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
সবশেষে সচেতন, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।