স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পুশ-ইন, অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালান ও মানব পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ৩টা পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ খোশালপুর, শ্যামকুড়, লড়াইঘাট ও শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
মাইকিংয়ের মাধ্যমে সীমান্ত এলাকার বাসিন্দাদের দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়। বিশেষ করে সীমান্তের ওপারে প্রতিপক্ষের গেটসহ সীমান্তসংলগ্ন এলাকার পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়।
কোনো অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক দলকে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা টহল দলকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করা হচ্ছে। তবে সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায় পুশ-ইন, মাদক চোরাচালান, মানব পাচার ও অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা সম্ভব।
সীমান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৮ বিজিবি। ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।