November 28, 2026, 2:51 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের সাথে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে আগ্রহী সুইজারল্যান্ড : পর্যটন মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে আগ্রহ দেখিয়েছে সুইজারল্যান্ড। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি এ আগ্রহের কথা জানান।

মন্ত্রী সুইজারল্যান্ডের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, আমরা আশা করছি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ এবং সুইজারল্যান্ডের মাঝে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হবে। এরপর আমরা দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিচালনার বিষয়টি বিবেচনা করব।

ফারুক খান বলেন, বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক বিমান চলাচল রুটের মধ্যে হওয়ায় আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করার জন্য কাজ করছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও নতুন টার্মিনাল নির্মাণসহ দেশের সব বিমানবন্দরের এভিয়েশন অবকাঠামোর উন্নয়ন কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, আমরা আশা করছি, আগামী অক্টোবরে থার্ড টার্মিনাল চালু হওয়ার পর আকাশপথের বিদ্যমান যাত্রী সংখ্যা ও কার্গোর পরিমাণ কয়েক বছরের মধ্যেই দ্বিগুণ হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। ইতোমধ্যে পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এ বছরেই তার বাস্তবায়ন শুরু হবে। এছাড়াও আমরা বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারসহ দেশের আরও বেশ কিছু জায়গায় নিবিড় পর্যটন অঞ্চল তৈরি করছি। সেখানে সুইজারল্যান্ড বিনিয়োগ করলে আমরা তাদের সব সুযোগ-সুবিধা দেব।

‘পাশাপাশি আমরা ভিসা সহজীকরণ ও ই- ভিসা চালু করা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করছি। এখনই উত্তম সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এভিয়েশন ও পর্যটন শিল্পের সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার।’

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, এয়ার সার্ভিস এগ্রিমেন্ট নিয়ে বাংলাদেশ টিমের সাথে কাজ করাটা ছিল আমাদের জন্য আনন্দের। বাংলাদেশ টিম নেগোসিয়েশনে প্রশংসনীয় দক্ষতা দেখিয়েছে। তাদের দক্ষতা ও সহযোগিতার জন্য সুইজারল্যান্ডের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ জানিয়েছে।

রেতো রেংগলি আরও বলেন, বাংলাদেশে গত ১৫ বছরে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। আমরা আশা করছি বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের যে কাজ চলছে তা দ্রুত বাস্তবায়ন হবে। আমরা বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের সাথে কথা বলব। বিনিয়োগের জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যাতে বাংলাদেশ সফর করে সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। এছাড়াও পর্যটনের উন্নয়নের জন্য যে মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে তা আমরা বিনিয়োগকারীদের কাছে পাঠাব।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page