March 21, 2026, 8:16 pm
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুর শহরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মিম আক্তার (২৫)। তিনি কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে। অভিযুক্ত রিয়াদ খান (একেএম আব্দুল্লাহ নোমান) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।

পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে রিয়াদ খানের সঙ্গে মিমের বিয়ে হয়। বিয়ের পর তারা শহরের বিসিক শিল্পনগরী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। বুধবার গভীর রাতে মিমের মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্বজন ও এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহতের চাচা মো. খবির হাওলাদার বলেন, “আমার ভাতিজির এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। ছোটবেলা থেকে তাকে লালনপালন করেছি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অপরাধীর বিচার চাই।”

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page