November 14, 2026, 11:41 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়ি সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির রামগড় সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম এলাকায় অংথৈইপ্রু মারমা (৬৬) নামের এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। অংথৈইপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা এবং সাবেক বিডিআর সদস্য বলে জানা গেছে।

 

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ২টার দিকে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথৈইপ্রু মারমা। রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনেরা তার খোঁজ শুরু করেন।

 

নিহতের ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও বাবার সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় বিজিবির বিওপিতে বিষয়টি জানানো হয়। পরে বিজিবিও তার সন্ধানে তৎপরতা শুরু করে।

 

তিনি আরও বলেন, শনিবার ভোরে গ্রামবাসী ও স্বজনেরা আবারও খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে বাবার ঘাসের বস্তাটি দেখতে পান তারা। পরে আশপাশে খোঁজাখুঁজি করে নদীর ওপারে ভারতের অংশে পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তার কপালে জখমের চিহ্ন ছিল এবং তখনো রক্তক্ষরণ হচ্ছিল।

 

মরদেহ উদ্ধারের খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮-এস বিডি নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় পৌঁছায়। তবে এর আগেই স্বজনেরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে বাংলাদেশের অংশে নিয়ে আসেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর সকাল ১০টার দিকে মরদেহটি থানায় নিয়ে যায়।

 

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামছুল হক জানান, শুক্রবার রাতে নিখোঁজের খবর পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বিষয়টি জানানো হয় এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে সহযোগিতা চাওয়া হয়।

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, নিহত অংথৈইপ্রু মারমার কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন রয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, ‘সীমান্ত আইন অনুযায়ী বিজিবি এ ব্যাপারে পদক্ষেপ নেবে।’

আজকের বাংলা তারিখ

  • ১৪ই নভেম্বর, ২০২৬
  • ৩০শে কার্তিক, ১৪৩৩
  • ৩রা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page