বশির আল-মামুন, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আলমগীর হাসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আফাজ উল্লাহর ছেলে।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন এ তথ্য জানান।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলমগীর পেশায় ব্যবসায়ী। সোনাইছড়ির শীতলপুর বাজারে একটি কুলিং কর্নার রয়েছে তার।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুল আলম আশিক বলেন, ‘সোমবার ভোর রাতে গুরুতর অবস্থায় আলমগীরকে চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওসি বলেন, ‘শীতলপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। কী বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।’
এর আগে, রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ডে নুর মোস্তফা বজল (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।