অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি গরুর খামার থেকে মনজিল শেখ (৫৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সহকর্মী আরেক শ্রমিকের রডের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (২৯ মার্চ) রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়ির সেলিম প্রধানের গরুর খামারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনজিল শেখ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও এলাকার মৃত কালু শেখের ছেলে। তিনি প্রায় চার বছর ধরে ওই খামারে কাজ করতেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই খামারের আরেক শ্রমিক সাগর হোসেন (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আব্দুল জব্বারের ছেলে।
খামার মালিকের ছোট ভাই মো. ইয়াকুব প্রধান বলেন, ‘প্রতিদিনের ন্যায় সকালে আমি গরুর খামারের খোঁজ-খবর নিতে আসলে দেখি, খামারে শ্রমিকদের কোনো সাড়া শব্দ নেই। ডাকাডাকি করে দেখতে পাই মনজিল চৌকির ওপর পড়ে রয়েছেন। পরে আমি ডাক চিৎকার দিলে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে আসে।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।