অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচার দায়ের কোপে রিফাত (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনার পর অভিযুক্ত চাচা মনির পলাতক রয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিফাত ওই গ্রামের মনসুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মনির এলাকায় চিহ্নিত মাদকসেবী। তিনি ও নিহত রিফাতের বাবা মনসুর আলী সৎ ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এছাড়া পারিবারিক বিভিন্ন কলহও ছিল।
ঘটনার দিন সকাল থেকেই মনির বাড়িতে উশৃঙ্খল আচরণ করছিলেন। একপর্যায়ে তিনি দা ধার দিয়ে নিজের ছেলেকে আঘাত করতে যান। এ সময় রিফাত বাধা দিতে গেলে মনির তার হাঁটুর নিচে দা দিয়ে কোপ দেন। এতে রিফাত গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই রিফাতের মৃত্যু হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আতিকুর রহমান বলেন, অভিযুক্ত মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।