November 28, 2026, 4:29 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজা ইস্যুতে আলোচনায় গোপনে ইসরায়েল সফরে গেছেন সিআইএ প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের অভিযান চলছে চার মাসেরও বেশি সময় ধরে। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতির চেষ্টায় নানামুখী আলোচনা চললেও এখনও তা সম্ভব হয়নি।

আর এই পরিস্থিতিতে গাজা ইস্যুতে আলোচনায় গোপনে ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বৃহস্পতিবার ইসরায়েলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য অঘোষিত সফরে ইসরায়েলে পৌঁছেছেন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে।

ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার সাথে দেখা করেন বার্নস।

তার এই সফরের কারণ এখনও স্পষ্ট নয়, তবে ইয়েদিওথ আহরনোথ সংবাদপত্র বলেছে, হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মিসরে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাতে নেতানিয়াহু অস্বীকৃতি জানানোর পর উইলিয়াম বার্নস ইসরায়েলে আসেন।

তবে সংবাদপত্রের এই রিপোর্টের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

আনাদোলু বলছে, ইসরায়েল, মিসর, কাতার এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মঙ্গলবার কায়রোতে গাজায় যুদ্ধবিরতি এবং হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠক করেছেন।

গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির জন্য একটি তিন-স্তরের পরিকল্পনা প্রস্তাব করে হামাস। তবে নেতানিয়াহু হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ফিলিস্তিনি গোষ্ঠীর বিরুদ্ধে ‘বিজয়’ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইসরায়েল বিশ্বাস করে, গাজায় এখনও ১৩৪ ইসরায়েলি বন্দি রয়েছেন। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী গত সোমবার দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহর থেকে দুই বন্দিকে মুক্ত করতে সক্ষম হওয়ার দাবি করে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে অন্তত ২৮ হাজার ৬৬৩ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৬৮ হাজারেরও বেশি মানুষ।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া চলমান আগ্রাসনে অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page